সখীপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা – News Tangail

সখীপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা – News Tangail

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের  সখীপুরে গলায় ফাঁস দিয়ে লাকী আক্তার(২০) নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যা  করেছেন। রবিবার(২৫ মে) দুপুরে সখীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড উখারিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকী ওই এলাকার আফাজ উদ্দিনের মেয়ে এবং সখীপুর আবাসিক মহিলা কলেজের ছাত্রী।

পরিবারসূত্রে জানা যায়, সকালে বাড়িতে খাওয়া-দাওয়া শেষে লাকীর বাবা আফাজ উদ্দিন কাজের উদ্দেশ্যে বের হন। কাজ শেষে বেলা ১ টার দিকে বাড়িতে এসে বাইরের গেইট তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে গেইটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করলে মেয়ের ঝুলন্ত লাশ দেখে কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাকীর চাচা লাল মিয়া জানান, লাকীর সাথে উপজেলার কালিদাস গ্রামের সোহাগ নামের এক ছেলের সাথে বিয়ের কথাবার্তা চলছিলো। সকালে সেই ছেলের সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলার পর-পরই সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts