নাম নিয়ে বিড়ম্বনার গল্প খুঁজলে অনেক পাওয়া যাবে। নামের মিলের কারণে একজনের সাজা অন্যের ভোগ করার খবরও হুটহাট সংবাদমাধ্যমগুলোয় চোখে পড়ে। তেমনই নাম নিয়ে এক সপ্তাহ ধরে সম্ভবত বিড়ম্বনার ভেতর দিয়ে যেতে হচ্ছে রাফিনিয়া নামের লোকদের। তাঁদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হয়েছেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনিয়া।
এই রাফিনিয়া এক সময় কোরিতিবা এবং ক্রুজেইরো ক্লাবের খেললেও, সাম্প্রতিক সময়ে কোনো কিছু নিয়েই আলোচনায় ছিলেন না। কিন্তু কিছু না করেও কয়েক দিন ধরে সমানে গালি শুনতে হচ্ছে তাঁকে। পাচ্ছেন অশ্লীল ও অপমানজনক বার্তাও। এসব অবশ্য তাঁর নিজের কোনো কাজের জন্য, বরং নামের মিলের কারণে এভাবে অপদস্ত হতে হচ্ছে রাফিনিয়াকে।


