রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীকে দুর্বৃত্তদের কুপিয়ে হত্যা – Chittagong News

রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীকে দুর্বৃত্তদের কুপিয়ে হত্যা – Chittagong News

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নুরুল ইসলাম তালুকদার (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুরুল ইসলাম তালুকদার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে সরফভাটা মীরেরখীল বাজারে নিজ দোকানে অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে দোকান থেকে বের করে বেধড়ক মারধর করে এবং কুপিয়ে চলে যায়।

প্রায় আধঘন্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যায়। তিনি মীরেরখীল ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে শুনেছি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার জানান, রাতে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts