যমুনা রেল সেতু নির্মাণে এখন পর্যন্ত দুর্নীতির কোনো তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি: রেলপথ সচিব – News Tangail

যমুনা রেল সেতু নির্মাণে এখন পর্যন্ত দুর্নীতির কোনো তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি: রেলপথ সচিব – News Tangail

নিজস্ব প্রতিবেদক: নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু নির্মাণে এখন পর্যন্ত কোন দুর্নীতির তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তবে, এই রেল সেতু নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হলে তা খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে যমুনা রেল সেতু পশ্চিম প্রান্তের সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ট্রেন চলাচলের সুবিধা বৃদ্ধির ফলে ভাড়া বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে সচিব বলেন, আগে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন ভাড়া ছিল ৪০৫ টাকা, যা বাড়িয়ে এখন ৪৫০ টাকা করা হয়েছে। নতুন ভাড়া আগামীকাল (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

তিনি বলেন, নতুন এই যমুনা রেল সেতুতে পণ্যবাহী ট্রেন চলাচলের সুবিধা থাকায় এই উত্তর ও পশ্চিম অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সেতুটি ডাবল ট্রাকের ডুয়েল গেজ হওয়ায় দুই পাশে থাকা ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হবে না।

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনে রেল সেতু উদ্বোধন করেন তিনি। এতে
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেন সভাপতিত্ব করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মি. সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুয়ুকি। স্বাগত বক্তব্য রাখেন- যমুনা রেল সেতু প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাউসুদুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts