তিনটি জিনিস শুধু দেখলেই সওয়াব হয়, তা হলো কোরআনে করিম, কাবা শরিফ ও পিতা–মাতার চেহারা মোবারক। নবীজি (সা.) বলেন, ‘কোরআন মাজিদ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত।’ (বায়হাকি)
সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে করিম, যা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হজরত জিবরাইল (আ.)–এর মাধ্যমে সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)–এর ওপর নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো আসমানি কিতাব আসবে না। কিয়ামত পর্যন্ত সব মানুষের দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র পথনির্দেশ কোরআন মাজিদ। কোরআন পাঠ ব্যতিরেকে প্রধান ইবাদত নামাজও আদায় হয় না। তাই সহিহভাবে কোরআন তিলাওয়াত শেখা ফরজে আইন।
‘কোরআন’ অর্থ পড়া, পাঠ করা, পাঠযোগ্য, যা বারবার পাঠ করা হয়। কোরআন মাজিদ দুনিয়ার সর্বাধিক পঠিত, সর্বাধিক ভাষায় অনূদিত ও সর্বাধিকসংখ্যক প্রকাশিত গ্রন্থ। ‘কোরআন’ অর্থ কাছে যাওয়া, নিকটে হওয়া। কোরআন পঠন ও অনুশীলনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভ করে। (লিসানুল আরব) কোরআন আল্লাহর কালাম, আল্লাহর খাস সিফাত বা বিশেষ গুণ। কোরআন সৃষ্ট নয়। লিপি, পাঠ ও ভাব—এই তিনের সমন্বিত নাম কোরআন। (শারহুল আকাইদ)
