মিরসরাইয়ে লেবুর আগুন দাম, বিক্রি হচ্ছে তিনগুণ বেশি দরে – Chittagong News

মিরসরাইয়ে লেবুর আগুন দাম, বিক্রি হচ্ছে তিনগুণ বেশি দরে – Chittagong News

চট্টগ্রামের মিরসরাইয়ে লেবুর দামে যেন আগুন ঝরছে। এতে বাজারে ক্রেতাদের ক্ষোভ বাড়ছে। অনেকের প্রশ্ন রমজান এলে কেন বাড়ে লেবুর দাম?

সোমবার (৩ মার্চ) বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি সাইজের লেবু হালি ৬০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। জাতভেদে লেবু ৮০-১০০ টাকায়ও বিক্রি হচ্ছে। এদিকে, গত তিন-চারদিন আগেও প্রতি পিস পাঁচ টাকা পিস বিক্রি করা হতো।

সারেজমিনে দেখা যায়, উপজেলার মিরসরাই পৌর বাজারে তিন আকারের লেবুতে সবচেয়ে বড় লেবুর হালি ৮০-১০০ টাকা। মাঝারি ৬০ টাকা। আর ছোট আকারের লেবু হালি ৪০ টাকা বিক্রি হচ্ছে।

লেবু কিনতে আসা এমদাদ হোসেন হৃদয় জানান, গত ৫-৬ দিন আগেও প্রতি লেবু ৪-৫ টাকা ধরে কিনেছি। কিন্তু রোজা শুরুর দিন হতে হুট করে লেবুর দাম বেড়েছে তিনগুণ। এমন হলে রমজান লেবু খাওয়া বন্ধ রাখতে হবে।

অন্যজন নাহিদুল ইসলাম বলেন, প্রতি বছর রমজান আসলে সিন্ডিকেট করে লেবু ব্যবসায়িরা লেবুর দাম বাড়ায়। আমি বুঝি না রমজানে কেন লেবুর দাম বাড়ে।

মিরসরাই পৌর বাজারের ব্যবসায়ি আলাউদ্দিন বলেন, কিছুদিন আগেও এক বস্তা লেবুর দাম ছিল দেড় থেকে দুই হাজার টাকা। এখন কিনতে হয় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকায়। বেশি দামে কেনা, তাই বিক্রিও বেশি দামে।

লেবু বাগানের মালিক রবিউল হোসেন বলেন, লেবুর এখন সিজন না, তাই দাম বেশি। উৎপাদন খরচও বেশি। চাষিদের কাছ থেকেই বেশি দামে কেনা। তাই বাড়তি দামে বিক্রি করা লাগছে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, পুরো উপজেলায় ৯৮ হেক্টর জমিতে সীডলেস, কাগজী, সুগন্ধি জাতের লেবুর চাষাবাদ হয়েছে। বর্তমানে লেবুর ফুল এসেছে আরও দু’মাস পর ফলন হবে। এখন লেবুর সিজন না, তবে রমজানকে কেন্দ্র করে লেবুর চাহিদা হওয়াতে দামটা একটু বেশি।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts