নাশকতার একটি মামলায় নেত্রকোনা জজ আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর হওয়ার পর জয় বাংলা স্লোগান দিয়েছেন কয়েকজন আসামি। এ সময় হট্টগোলের সৃষ্টি হয়। ঘটনার সময় আসামিদের পাশে থাকা এক যুবককে মারধর করারও অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও আদালত–সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, খালিয়াজুরি উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর নাশকতা আইনে একটি মামলা করেন খালিয়াজুরির মাইনুল ইসলাম তালুকদার। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর সংঘবদ্ধ আসামিরা উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেন। মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ২৮ দিনের জামিন নিয়েছিলেন।


