শিশুটির পরিবার ও এলাকাবাসীর বরাতে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, বাড়ির পাশের জমিতে হালচাষ করতে আসা ট্রাক্টর দেখতে গিয়েছিল শিশুটি। ওই ট্রাক্টরের হালের ভেতর ঢুকে ঘটনাস্থলেই মারা যায় সে। বিষয়টি টের পেয়ে চালক ট্রাক্টর ফেলে পালান। পরে এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন শিশুটির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। কীভাবে সে হালের ভেতর ঢুকে গেছে, কেউই বলতে পারছেন না। চালকের অজান্তে শিশুটি হালের ওপরে উঠে পিছলে পড়ে ভেতরে ঢুকে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা।
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি পঞ্চগড় সদর থানার পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

