মিরসরাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ নিউটন ধর গ্রেপ্তার – Chittagong News

মিরসরাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ নিউটন ধর গ্রেপ্তার – Chittagong News

চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও ১ লাখ ২৩ হাজার টাকাসহ নিউটন ধর (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলার সদর থানার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিউটন ধর সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের মোহন প্রসাদ ধরের ছেলে। তিনি দীর্ঘদিন মিরসরাইয়ের বারইয়ারহাট বাজারের আধুনিক ডাইস কার্টি চেইনঘর নামের একটি জুয়েলারি দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, গত ২৭ আগস্ট রাতে স্বর্ণালংকার ও টাকা আত্মসাৎ করে পালিয়ে যান নিউটন। এ ঘটনায় দোকানের মালিক কৃষ্ণ কুমার ধর আদালতে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, নিউটন ধরের স্বীকারোক্তি অনুযায়ী ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দারোগারহাট এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও ১ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

তিনি আরও জানান, আত্মসাৎ করা বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত নিউটনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমভি/সিটিজিনিউজ

Explore More Districts