এক ইলিশের ওজন দুই কেজি ৩০৪ গ্রাম, বিক্রি হলো যত টাকায়

এক ইলিশের ওজন দুই কেজি ৩০৪ গ্রাম, বিক্রি হলো যত টাকায়

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ৩০৪ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলে মুনসুর আলির জালে ধরা পড়ে ওই মাছটি।

এক ইলিশের ওজন দুই কেজি ৩০৪ গ্রাম, বিক্রি হলো যত টাকায়

জানা যায়, কুয়াকাটা মৎস্য বাজারের ঘরামী ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে ফিস ভ্যালির পক্ষে মো. হাসান এক লাখ ১০ হাজার টাকা মণ দরে একটি ইলিশ ৬ হাজার ৩২৫ টাকায় ক্রয় করেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন বলেন, ‘এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। অবরোধের পরে এই প্রথম এতো বড় ইলিশের দেখা মিলেছে। ৬ হাজার ৩২৫ টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। এ সময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছেন।’

জেলে মুনসুর বলেন, ‘২২ দিনের অবরোধ শেষে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে জাল ফেলি। এ সময় এ বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।’

আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে এক লাখ দশ হাজার টাকা মণ দরে বিক্রি হয় মাছটি। এতে মাছটির মূল্য হয়েছে ৬ হাজার ৩২৫ টাকা।’

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে, সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।’

Explore More Districts