নিজেদের জন্য আলাদা স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি মানার জন্য আগামী শনিবার (২ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে দাবি মানা না হলে গণঅনশনেরও ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় তারা এই ঘোষণা দেন।
বিজ্ঞাপন
এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা জোড়ো হয়ে সায়েন্সল্যাব মোড় এলাকা অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে বিপাকে পড়েন সাধারণ মানুষ।
এসময় তাদেরকে ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এর আগে গতকালও একই দাবিতে অবরোধ করে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো
১. অনতিবিলম্বে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।
২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।
৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে
উল্লেখ্য, সরকারি সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

