৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়ে ইতিহাসে নতুন রেকর্ড ইলন মাস্কের – DesheBideshe

৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়ে ইতিহাসে নতুন রেকর্ড ইলন মাস্কের – DesheBideshe

৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়ে ইতিহাসে নতুন রেকর্ড ইলন মাস্কের – DesheBideshe

যুক্তরাষ্ট্র, ৪ ফেব্রুয়ারি – ব্যক্তিগত সম্পদমূল্যের দিক থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলার বা তার বেশি সম্পদের মালিক হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

মূলত তার রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআইকে অধিগ্রহণ করার পরেই এই নতুন মাইলফলক অর্জিত হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ হিসাব অনুযায়ী স্পেসএক্স ও এক্সএআই একীভূতকরণের ফলে সম্মিলিত প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এই প্রক্রিয়ার মাধ্যমে মাস্কের সম্পদ এক লাফে প্রায় ৮৪ বিলিয়ন ডলার বেড়ে মোট ৮৫২ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে।

তিনি বর্তমানে নতুন এই সম্মিলিত কোম্পানির প্রায় ৪৩ শতাংশের মালিক যার আনুমানিক মূল্য ৫৪২ বিলিয়ন ডলার। এর আগে স্পেসএক্সে তার ৪২ শতাংশ এবং এক্সএআইতে ৪৯ শতাংশ মালিকানা ছিল। এছাড়া টেসলার প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক মাস্ক যার বাজারমূল্য প্রায় ১৭৮ বিলিয়ন ডলার এবং টেসলার শেয়ার অপশন রয়েছে আরও প্রায় ১২৪ বিলিয়ন ডলারের। এর আগে গত ডিসেম্বরেই ইলন মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলক অতিক্রম করেছিলেন।

বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্টের পূর্বাভাস অনুযায়ী প্রতিবছর গড়ে ১১০ শতাংশ হারে মাস্কের সম্পদ বাড়ছে এবং ২০২৭ সালের মধ্যেই তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখো কোটি ডলারের মালিক হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রতিযোগিতায় এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও বেশ ভালো অবস্থানে রয়েছেন।

এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts