৪ লাখ ভোল্টের টাওয়ারের চূড়ায় যুবক, এরপর যা হলো – দৈনিক আজাদী





ফটিকছড়িতে ৪ লাখ ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের চূড়ায় উঠে বসেছিলেন তানজীব (২৫) নামে এক যুবক। প্রায় সাড়ে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর তিনি অক্ষত অবস্থায় নিচে নেমে আসেন। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি নিজেই টাওয়ার থেকে নেমে আসেন। পুলিশ জানিয়েছে, যুবকটি কিছুটা মানসিক ভারসাম্যহীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকার একটি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের চূড়ায় ওই যুবককে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। উচ্চ ভোল্টেজের লাইনের কাছে তাকে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টাওয়ারের নিচে জড়ো হন বহু উৎসুক মানুষ। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯এ ফোন করলে ফায়ার সার্ভিস ও ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বড় দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে সাময়িকভাবে ওই সঞ্চালন লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা যুবকটিকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে তানজীব নিজেই টাওয়ার থেকে নিচে নেমে আসেন।

তানজীব ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর কলমী এলাকার সোহরাব সরদারের ছেলে। কয়েক দিন আগে তিনি চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরিফে এসে নিখোঁজ হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকটি মাইজভান্ডারে এসে নিখোঁজ হয়েছিলেন। তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ। উদ্ধারের পর তাকে নিরাপদে থানায় রাখা হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনানুযায়ী তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।




Explore More Districts