৪৬ ঘণ্টা পর বরিশালের ছয় রুটে বাস চলাচল শুরু

৪৬ ঘণ্টা পর বরিশালের ছয় রুটে বাস চলাচল শুরু

৫ August ২০২৬ Wednesday ৬:৩৯:৩৭ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

৪৬ ঘণ্টা পর বরিশালের ছয় রুটে বাস চলাচল শুরু

বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের হস্তক্ষেপে ৪৬ ঘণ্টা পর চরকাউয়া থেকে ছয়টি রুটে বাস চলাচল শুরু হয়েছে।
 
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।সেইসঙ্গে চরকাউয়া বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি স্থগিত করে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসকে সমিতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বরিশালে আসলে বিষয়টি স্থায়ীভাবে সমাধান করা হবে। এ বিষয়ে বাস মালিক ও শ্রমিকরা সম্মতি দিয়েছেন।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বলেন, সংসদ সদস্যের নির্দেশে বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে আমরা উপজেলা বিএনপির নেতারা বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করি।

বাস মালিকদের দাবি- সম্প্রতি সদর আসনের সংসদ সদস্যের সুপারিশ নিয়ে সমিতির যে কমিটি গঠন করা হয়েছে সেটা বিধি মোতাবেক হয়নি।শ্রম মন্ত্রণালয় এই কমিটি অনুমোদন দেয়নি।

তাছাড়া শ্রমিকরা দাবি করেছেন নির্বাচনের মাধ্যমে শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের। আমরা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের বিষয়ে শ্রমিকদের আশ্বস্ত করেছি।

পাশাপাশি মালিক সমিতির বিদ্যমান কমিটি স্থগিত করে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসকে সাময়িকভাবে সমিতি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। মালিক এবং শ্রমিকরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। পরে সন্ধ্যায় চরকাউয়া থেকে অভ্যন্তরীণ ছয় রুটে বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে সদর উপজেলার চরকাউয়া বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে গত রোববার (২ আগস্ট) সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু করে শ্রমিক ইউনিয়নের প্রায় ৩০০ শ্রমিক।

এ কারণে চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে ওইসব রুটের হাজার হাজার যাত্রী।

এদিকে ধর্মঘটের দ্বিতীয় দিন সমিতির ৭০টি বাসের মধ্যে মালিক সমিতির নেতাদের নিয়ন্ত্রিত ১২টি বাস চলাচল শুরু করে। এরপর সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের হস্তক্ষেপে মঙ্গলবার সন্ধ্যায় শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts