মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই আবেগে বাঁধ ভাঙল। এক দিকে ৪০ বছর পর বিশ্বকাপে ফেরার আনন্দে একে অপরকে জড়িয়ে ধরলেন ইরাকের খেলোয়াড়েরা, আরেক দিকে কাছাকাছি গিয়েও শেষ ধাপটা পেরোতে না পারায় কান্নায় ভেঙে পড়লেন বলিভিয়ার খেলোয়াড়রা। পোস্টের নিচে বসে বলিভিয়ান গোলরক্ষক গিলের্মো ভিসকারার কান্নার দৃশ্য তো যে কারও হৃদয় ছুঁয়ে যাবে। কিন্তু ফুটবল তো এমনই!
কারও কান্নার বিপরীতে উচ্ছ্বাসের আবেগে ভাসে অন্য কেউ। আজ শেষ হাসিটা যেমন ইরাক হেসেছে। বিশ্বকাপে আন্তমহাদেশীয় প্লে–অফ ফাইনালে বলিভিয়াকে ২–১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে এশিয়ান দেশটি। এর ফলে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে তারা।


