
রাজবাড়ী বার্তা ডট কম ঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পহেলা বৈশাখে কোটি ২০ লাখ কৃষক রয়েছে তাদের জন্য কৃষি কার্ডের পাইলট কর্মসূচী চালু করা হবে। আমরা জনগণের জন্য একটি সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই। বিশেষ করে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও কর ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে একটি নতুন মডেল প্রতিষ্ঠা করতে চাই।’
শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর-রশিদ, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার, রাজবাড়ী জেলা পুলিশ সুপার (বিপিএম-সেবা) মোহাম্মদ মনজুর মোরশেদ।

