
তামিলনাড়ু, ২৭ ফেব্রুয়ারি – দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর বেজেছে। তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম তামিলনাড়ুর চেঙ্গলপট্টু আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন দাখিল করেছেন। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সঙ্গীতা তার ডিভোর্স পিটিশনে বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন।
এই অভিযোগের ভিত্তিতেই তিনি বিচ্ছেদ চেয়েছেন এবং পাশাপাশি বৈবাহিক আবাসে থাকার অধিকার ও স্থায়ী খোরপোশ দাবি করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে জেসন সঞ্জয় ও দিব্যা সাশা নামে দুই সন্তান রয়েছে। লন্ডনের বাসিন্দা সঙ্গীতা নব্বইয়ের দশকের শেষের দিকে বিজয়ের সঙ্গে দেখা করতে চেন্নাইয়ে এসেছিলেন এবং সেখান থেকেই তাদের পরিচয়ের শুরু। ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেছিলেন।
দীর্ঘ সময় ধরে বিজয়ের প্রতিটি সাফল্যে সঙ্গীতা পাশে থাকলেও সাম্প্রতিক সময়ে বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাঝাগম বা টিভিকে এর কর্মসূচিতে তার অনুপস্থিতি বিচ্ছেদের গুঞ্জন উসকে দিয়েছিল। ব্যক্তিগত জীবনের এই ঝড়ের পাশাপাশি বিজয় বর্তমানে আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখেও রয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে তার রাজনৈতিক সমাবেশে পদপিষ্টের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তার শেষ সিনেমা জন নায়গন মুক্তির অপেক্ষায় রয়েছে।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬




