২১টি দৃশ্যে সেন্সরের কাঁচি, রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পেল ‘এ’ সার্টিফিকেট – DesheBideshe

২১টি দৃশ্যে সেন্সরের কাঁচি, রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পেল ‘এ’ সার্টিফিকেট – DesheBideshe

২১টি দৃশ্যে সেন্সরের কাঁচি, রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পেল ‘এ’ সার্টিফিকেট – DesheBideshe

নয়াদিল্লি, ১৮ মার্চ – বলিউড তারকা রণবীর সিং অভিনীত নতুন চলচ্চিত্র ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে ইতোমধ্যে ছবিটি ছাড়পত্র পেলেও তীব্র সহিংসতা এবং কড়া ভাষার কারণে এটিকে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট দেওয়া হয়েছে।

ফলে ১৮ বছরের কম বয়সী দর্শকদের জন্য এই সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। মুক্তির পূর্বে ছবিটিতে বড় ধরনের কাটছাঁটের নির্দেশ দেয় সেন্সর বোর্ড। নির্মাতাদের মোট ২১টি দৃশ্যে পরিবর্তন আনতে হয়েছে এবং প্রায় ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ বাদ দিতে হয়েছে। এই কর্তনের ফলে ছবির একাধিক গুরুত্বপূর্ণ অংশ প্রভাবিত হয়েছে।

বিশেষ করে কয়েকটি সহিংস দৃশ্যে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। হাতুড়ি দিয়ে আঘাত করা, সিমেন্ট ব্লক দিয়ে হামলা এবং চোখে নির্মম আঘাতের মতো দৃশ্যগুলো সংক্ষিপ্ত করা হয়েছে। সবচেয়ে বেশি বাদ পড়েছে শিরশ্ছেদ ও লাথি মারার দৃশ্যগুলো।

এর পাশাপাশি ছবির শুরুতে ‘ডিস্টার্বিং কনটেন্ট’ এবং মাদক সংক্রান্ত সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেন্সর বোর্ড কেবল দৃশ্যেই নয়, ভাষাতেও আপত্তি জানিয়েছে। একাধিক অশালীন শব্দ মিউট বা পরিবর্তন করার পাশাপাশি দুটি চরিত্রের নামও বদলে ফেলা হয়েছে। সাবটাইটেলে উল্লিখিত ঐতিহাসিক ঘটনা এবং একটি শহরের নাম সংশোধনের নির্দেশও দিয়েছে বোর্ড।

এছাড়া প্রধানমন্ত্রী সংক্রান্ত উল্লেখ ও সংবাদচিত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র জমা দিতে হয়েছে। প্রাণী ব্যবহারের দৃশ্যের ক্ষেত্রেও নির্মাতাদের যথাযথ শংসাপত্র প্রদান করতে হয়েছে।

এত কাটছাঁটের পরও ছবির দৈর্ঘ্যে তেমন কোনো প্রভাব পড়েনি। প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি সিরিজের আগের পর্বের তুলনায় প্রায় ১৫ মিনিট বড়। আদিত্য ধর পরিচালিত আলোচিত এই চলচ্চিত্রটি ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এ এম/ ১৮ মার্চ ২০২৬



Explore More Districts