
ঢাকা, ১০ জুন – নতুন অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ব্যাংকিং খাতের ওপর জনমানসে হারানো আস্থা ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই হবে এই বাজেটের প্রধান লক্ষ্য।
বাজেট ঘোষণার প্রাক্কালে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট পেশ করা হবে যেখানে ছাত্র, শ্রমিক এবং শ্রমজীবী মানুষসহ সমাজের সকল স্তরের মানুষের কল্যাণের প্রতিফলন থাকবে। অতীতে অবহেলিত প্রান্তিক মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের জীবনমান উন্নয়নের দর্শন নিয়ে এই বাজেট প্রণয়ন করেছে।
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটে দিকনির্দেশনা থাকবে বলে তিনি আভাস দেন।
রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় এই বাজেট পেশ করতে যাচ্ছে।
অর্থমন্ত্রী জানান, সামষ্টিক অর্থনীতি শক্তিশালী করা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বাজেটে কার্যকর কৌশল রাখা হয়েছে। লন্ডনে হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণকারী আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই রাজনীতিক বাজেট প্রণয়নে গত কয়েকদিন ধরে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এনএন/ ১০ জুন ২০২৬





