২০২৬ বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্যে বিতর্ক, ২০৩০-এ কৌশল বদলের ইঙ্গিত ফিফার – DesheBideshe

২০২৬ বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্যে বিতর্ক, ২০৩০-এ কৌশল বদলের ইঙ্গিত ফিফার – DesheBideshe



২০২৬ বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্যে বিতর্ক, ২০৩০-এ কৌশল বদলের ইঙ্গিত ফিফার – DesheBideshe

ওয়াশিংটন, ১ মে – ২০২৬ বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক মূল্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও সাধারণ সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে ২০৩০ বিশ্বকাপের জন্য টিকিট বিক্রির কৌশলে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম সমর্থকদের এই উদ্বেগের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন যে, টিকিটের মূল্য নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া তাঁরা অবগত আছেন।

তবে বর্তমান বাজারের বাস্তবতার কারণেই উত্তর আমেরিকার আসরে টিকিটের দাম এমন পর্যায়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। গ্রাফস্ট্রোম আরও উল্লেখ করেন যে, প্রতিটি বড় আসর শেষে ফিফা তাদের কার্যক্রম পর্যালোচনা করে এবং সেই আলোকেই ২০৩০ সালের জন্য নতুন টিকিট নীতি নির্ধারণ করা হবে। এদিকে টিকিটের এই অতিরিক্ত মূল্যবৃদ্ধিকে সমর্থকদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ।

সংগঠনটি ইতোমধ্যে অতিরিক্ত দামের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে মামলাও দায়ের করেছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই উচ্চ মূল্যকে টিকিটের বিপুল চাহিদার প্রতিফলন হিসেবেই বিবেচনা করছেন। তিনি ডায়নামিক প্রাইসিং বা পরিবর্তনশীল মূল্যপদ্ধতির বিষয়টি উল্লেখ করে দাবি করেন যে, ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করতে পারে।

পরিস্থিতি কতটা প্রকট তা বোঝা যায় ফিফার নিজস্ব প্ল্যাটফর্মেও, যেখানে ফাইনাল ম্যাচের টিকিটের দাম কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফিফা কর্তৃপক্ষ দাবি করেছে যে বিশ্বকাপ থেকে প্রাপ্ত প্রায় ১৩ বিলিয়ন ডলার রাজস্ব শেষ পর্যন্ত ফুটবলের উন্নয়নেই ব্যয় করা হবে। তবে ২০৩০ বিশ্বকাপের জন্য ফিফার নতুন কৌশল সাধারণ সমর্থকদের জন্য কতটা ইতিবাচক হয় সেটিই এখন দেখার বিষয়।

এস এম/ ১ মে ২০২৬



Explore More Districts