
ঢাকা, ২৩ জানুয়ারি – দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ঘোষণা দিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কারওয়ানবাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।
শওকত আজিজ রাসেল বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফ্যাক্টরি বন্ধ থাকবে। তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা তাদের নেই। তাদের পুঁজি অর্ধেকেরও বেশি কমে গেছে। ব্যাংকের টাকা শোধ করার কোনো উপায় নেই। সব সম্পত্তি বিক্রি করলেও দায় পরিশোধ সম্ভব হবে না।
বিটিএমএ সভাপতি আরও বলেন, সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দপ্তরে গেলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে গিয়েছি, কিন্তু সবাই দায়িত্ব একে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বাস্তব কোনো সিদ্ধান্ত আসছে না। নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব সিদ্ধান্ত না এলে পুরো খাত আরও গভীর সংকটে পড়বে।
সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬




