১১ দিনে ১৪ গান! ‘ধুরন্ধর ২’ সিনেমার সুরকারকে নিয়ে আদিত্য ধরের আবেগঘন বার্তা – DesheBideshe

১১ দিনে ১৪ গান! ‘ধুরন্ধর ২’ সিনেমার সুরকারকে নিয়ে আদিত্য ধরের আবেগঘন বার্তা – DesheBideshe



১১ দিনে ১৪ গান! ‘ধুরন্ধর ২’ সিনেমার সুরকারকে নিয়ে আদিত্য ধরের আবেগঘন বার্তা – DesheBideshe

মুম্বাই, ৭ এপ্রিল – বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি আদিত্য ধরের সিনেমা ধুরন্ধর ২ এর মিউজিক অ্যালবাম এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। পুরোনো হিট হিন্দি গান, ধ্রুপদী কাওয়ালি এবং স্বতন্ত্র ধারার সংগীতকে নতুন আঙ্গিকে উপস্থাপন করে বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয় জয় করেছে এই ছবির গানগুলো। অভাবনীয় এই সাফল্যের ১৯তম দিনে সুরকার শাশ্বত সচদেবের বিরল কর্মদক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন পরিচালক আদিত্য ধর।

তিনি জানান, শাশ্বত সচদেব ধুরন্ধর সিরিজের প্রথম পর্বের জন্য মাত্র ৯ দিনে ৯টি গান এবং ৬ দিনে পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ করেছিলেন। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে দ্বিতীয় পর্বেও। এবার মাত্র ১১ দিনে ১৪টি গান তৈরি করেছেন শাশ্বত এবং পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সেরেছেন মাত্র ৩ দিনে। আদিত্যর মতে, এই গতিতে এবং এমন মান বজায় রেখে কাজ করা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সত্যিই বিরল। দীর্ঘ ১৫ দিন পরিচালকের নিজের বাড়িটিই স্টুডিওতে পরিণত হয়েছিল। দিনের পর দিন ২১ থেকে ২২ ঘণ্টা টানা কাজ করেছেন এই সংগীতশিল্পী।

এমনকি অসুস্থতা ও শারীরিক ঝুঁকি নিয়েও কাজের মান নিয়ে তিনি কোনো আপস করেননি। এই সিনেমার অ্যালবামে নব্বইয়ের দশকের জনপ্রিয় গান তিরছি টোপিওয়ালে, তাম্মা তাম্মা এবং অনুরাধা পাড়োয়াল ও উদিত নারায়ণের গাওয়া হাম পেয়ার করনে ওয়ালে গানগুলো নতুন করে প্রাণ পেয়েছে।

পাশাপাশি নুসরাত ফতেহ আলী খানের কালজয়ী কাওয়ালি দিল পে জখম খাতে হ্যায় এবং পাঞ্জাবি লোকসংগীত আরি আরি সিনেমার উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোতে অনন্য মাত্রা যোগ করেছে। গত ১৯ মার্চ মুক্তি পাওয়া ধুরন্ধর ২ এখন ভারতের বক্স অফিসে আল্লু অর্জুনের পুষ্পা ২ এর পর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। বিশাল এই সাফল্যের পেছনে শাশ্বতের সুরের মূর্ছনাকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬



Explore More Districts