সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব প্রদর্শনী সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের একটি অংশ। প্রতিবছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় এই প্রদর্শনী হয়। এবারের প্রদর্শনীতে ৩৭টি দেশের ১ হাজার ৪৭৫টি কোম্পানি অংশ নেবে। টেক্সটাইল ও অ্যাপারেলস যন্ত্রাংশ, সুতা (ইয়ার্ন), কাপড় (ফেব্রিক), ট্রিমস (বোতাম, জিপার ও লেইসের মতো অলংকরণ), অ্যাকসেসরিজ (আনুষঙ্গিক উপকরণ), রং উপকরণ (ডাইস্টাফ) ও তৈরি পোশাক খাতে রাসায়নিকের (টেক্সটাইল কেমিক্যালস) নানা পণ্য নিয়ে প্রদর্শনী আয়োজিত হবে।
সংবাদ সম্মেলনে সেমস–গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম বলেন, ‘বর্তমানে আমাদের এই আয়োজন এশিয়ার মধ্যে তৈরি পোশাক ও বস্ত্র খাতের সবচেয়ে বড় পণ্য সংগ্রহ ও সরবরাহ প্রদর্শনীতে (সোর্সিং এক্সিবিশনে) পরিণত হয়েছে। ১৯৯৯ সালে সেমস–গ্লোবাল মাত্র ৩০টি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে যাত্রা শুরু করেছিল। এখন এই প্রদর্শনীতে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের হাজারের বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।’

