হেনলি সূচকে বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের, ভিসামুক্ত ৩৭ দেশ

হেনলি সূচকে বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের, ভিসামুক্ত ৩৭ দেশ

হেনলি সূচকে বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের, ভিসামুক্ত ৩৭ দেশ

ঢাকা, ১৪ জানুয়ারি – হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তালিকায় বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট হিসেবে অবস্থান করেছে বাংলাদেশ। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাসপোর্ট পঞ্চম দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। মোট ১০১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫তম। এর আগে ২০২৫ সালের জানুয়ারির সূচকে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতেই এই পাসপোর্ট র‌্যাংকিং তৈরি করা হয়।

র‌্যাংকিংয়ে টানা শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া—এই দুই দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান।

তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে—যাদের জন্য ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা ১৮৫টি।

পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

তালিকার একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১০১তম), সিরিয়া (১০০তম), ইরাক (৯৯তম), ইয়েমেন ও পাকিস্তান (যৌথভাবে ৯৮তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ২৪, ২৬, ২৯ ও ৩১টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটির অবস্থান ৫২তম এবং মালদ্বীপের নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

উল্লেখ্য, হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হেনলি সূচকে বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের, ভিসামুক্ত ৩৭ দেশ first appeared on DesheBideshe.

Explore More Districts