মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার। এ সময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী অভিযান চলাকালে পালিয়ে যান।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত জুড়ী থানার উত্তর সাগরনাল গ্রামের একটি বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের কর্মকর্তারা।
অভিযানে গ্রেফতার হন-হাসিনা বেগম (৩৭)। তিনি উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা। এ সময় তার স্বামী মো. এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অভিযানকালে একটি লেডিস পার্সের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ২ হাজার ৯০০ টাকা নগদ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের কৌটার ভেতরে থাকা দুটি পৃথক পলিপ্যাকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪০০ পিস, যার মোট ওজন ৪০ গ্রাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


