হারিয়ে যেতে বসা বিভিন্ন পেশাকে পুনরুজ্জীবিত করছে সমাজসেবা – দৈনিক আজাদী

হারিয়ে যেতে বসা বিভিন্ন পেশাকে পুনরুজ্জীবিত করছে সমাজসেবা – দৈনিক আজাদী

চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্ব) প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গতকাল শনিবার নগরীর মুরাদপুরস্থ সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। মুখ্য আলোচক ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর হারিয়ে যেতে বসা বিভিন্ন পেশাকে পুনরুজ্জীবিত করে মানুষের কর্মসংস্থান ও আয়বৃদ্ধির সুযোগ সৃষ্টি করছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তিনি আশ্বস্ত করেন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ প্রকল্পের সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে সমাজসেবা অধিদপ্তরের বর্তমানে প্রায় সাড়ে ১২শ জনবল শূন্যতা পূরণে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করা হবে। প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগের ৫৭টি জেলার ১৫০টি উপজেলা থেকে প্রায় ১২ হাজার প্রান্তিক পেশাজীবী প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১৮ হাজার টাকা করে পুঁজি সহায়তাও প্রদান করা হবে। এছাড়া বিভাগীয় পর্যায়ে ৮টি বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র ইতোমধ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কামার, কুমার, শতরঞ্জি প্রস্তুতকারী, নাপিত, লোকজ শিল্পী, মুচি, নকশিকাঁথা প্রস্তুতকারীসহ বিভিন্ন পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, সমাজসেবা অধিদপ্তর মাঠপর্যায়ে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পেশাজীবী মানুষকে প্রশিক্ষণ, পুঁজি সহায়তা এবং উৎপাদিত পণ্য বিক্রয়ের সুযোগ সৃষ্টি করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

শেষে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সমাজসেবা কমপ্লেক্সের নিচতলায় স্থাপিত প্রান্তিক জনগোষ্ঠীর পণ্য সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রদর্শিত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং পণ্যের মান ও বৈচিত্র্যের প্রশংসা করেন। একই সঙ্গে এসব পণ্য আরও ব্যাপকভাবে প্রদর্শন ও বাজারজাতকরণের মাধ্যমে বিক্রয় বৃদ্ধির উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলমসহ বিভিন্ন উপজেলার সমাজসেবা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

Explore More Districts