| ৫ April ২০২৬ Sunday ৬:৩২:৩৯ PM | |
নগর প্রতিনিধি:

দেশের অন্যান্য এলাকার মতো বরিশালেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর কাউনিয়ানগর মাতৃসদনে সিটি করপোরেশনের উদ্যোগে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। তিনি হাম-রুবেলা নিয়ে উদ্বিগ্ন না হয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।
উদ্বোধনের পরপরই শিশুদের মাঝে টিকা প্রদান করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের চারটি উপজেলায় একযোগে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৪ এপ্রিল পর্যন্ত হাম রোগে বিভাগে মারা গেছে চারজন। এছাড়া সন্দেহজনকভাবে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ছয় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮৫ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮১ জন। বর্তমানে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১২ জন।
স্বাস্থ্য বিভাগ বলছে, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বাড়ানো গেলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

