গতানুতিক পদ্ধতিতে হাম মোকাবিলার চেষ্টা, তাই ব্যর্থতা
হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এর ভয়াবহতা সরকার বুঝতে বা একে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন। তিনি বলেন, গতানুগতি পদ্ধতিতে মারাত্মক এই সংক্রমণ সমাধানের চেষ্টা করা হয়েছে। বা বলতে পারি, সরকার এর ভয়াবহতাকে গুরুত্ব দেয়নি। শুধু হাসপাতালে কয়েকটি আইসিইউ, আর ডাক্তারের বন্দোবস্ত করেই দায় সারার চেষ্টা করা হয়েছে। স্তরভিত্তিক যে ব্যবস্থাপনার দরকার, তার কিছুই করা হয়নি।
হামের মতো সংক্রামক ব্যাধি মোকাবিলায় এর ব্যাপক প্রচার, সামাজিক দূরত্ব মেনে চলাসহ সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জনপ্রচার গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে এর কিছুই করা হয়নি বলে মনে করেন জনস্বাস্থ্যবিদ এবং সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক মাহমুদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, যেসব শিশুর জ্বর হচ্ছে, তাদের আলাদা রাখতে হবে। হাত ধোয়াসহ কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে। কিন্তু আক্রান্ত জনগোষ্ঠীর কাছে তো এসব বিধি মানতে কোনো বার্তাই পৌঁছানো হয়নি। ফলে টিকা শুরুর এত পরও সংক্রমণ পরিস্থিতি মারাত্মক অবস্থায় আছে।

