হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছে নাহিদ-হাসনাতসহ এনসিপির শীর্ষ নেতৃত্ব – Habiganj News

হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছে নাহিদ-হাসনাতসহ এনসিপির শীর্ষ নেতৃত্ব – Habiganj News

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে এবার রাজপথে নামছে দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি-র নেতৃত্বে বুধবার হবিগঞ্জ আসছেন দলটির একঝাঁক শীর্ষ নেতা।

​হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। আকস্মিক এ কর্মসূচির কারণে পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজারের আগামীকালকের দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

​দলীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নাহিদ ইসলামের সঙ্গে হবিগঞ্জে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​এনসিপি নেতৃবৃন্দ এক কড়া বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, সন্ত্রাসী বাহিনী দিয়ে রক্ত ঝরিয়ে কিংবা ভয় দেখিয়ে রাজপথ থেকে এনসিপিকে হটানো যাবে না। সংঘাতের জবাব রাজপথেই দেওয়া হবে।

​হামলা পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে কালকের এই কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে হবিগঞ্জ জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Explore More Districts