
হ্যানয়, ২৬ মার্চ – আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে বড় ব্যবধানে হারের শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। তবে বিরতির পর রক্ষণভাগে জোর দিয়ে গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হন হামজা চৌধুরীরা।
ম্যাচের ৮ মিনিটেই সেট পিস থেকে ভিয়েতনামের পক্ষে গোলের খাতা খোলেন তুয়ান হাই। এর ৯ মিনিট পর এনগুয়েন হোয়াংয়ের একটি শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে নেন দো দুই মাহন। বিরতির আগে ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন।
প্রথমার্ধে ৪-৩-৩ ফরমেশনে খেলা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে পরিবর্তন এনে ৫-৩-২ ফরমেশনে মাঠে নামে। এই কৌশলে ভিয়েতনামের আক্রমণগুলো তারা বেশ ভালোভাবে রুখে দেয়। বিরতির পর ৫২ মিনিটে রাফায়েলসন শ্রাবণকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।
৬০ মিনিটে বদলি খেলোয়াড় শাহরিয়ার ইমনের একটি শট ব্লক করে স্বাগতিকরা। ৬৯ মিনিটে খুয়াত ফন খাংয়ের শট গোলবারে লেগে ফিরে আসে। ৭৭ মিনিটে তপু জুনিয়রের দারুণ ব্লকে রাফায়েলসন আবারও গোলবঞ্চিত হন। শেষ দিকে দো হোয়াংয়ের একটি শটও বারে লাগলে আর ব্যবধান বাড়াতে পারেনি ভিয়েতনাম।
আগামী চার দিনের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে হামজা চৌধুরীসহ মোট পাঁচজন প্রবাসী ফুটবলারকে নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। হামজা ছাড়া অন্য প্রবাসী খেলোয়াড়রা হলেন সামিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী এবং ফাহমিদুল ইসলাম।
এনএন/ ২৬ মার্চ ২০২৬




