হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজন পশ্চিমবঙ্গে ১৪ দিনের রিমান্ডে – DesheBideshe

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজন পশ্চিমবঙ্গে ১৪ দিনের রিমান্ডে – DesheBideshe

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজন পশ্চিমবঙ্গে ১৪ দিনের রিমান্ডে – DesheBideshe

ঢাকা, ৮ মার্চ – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ তাদের গ্রেপ্তার করে।

রোববার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে এসটিএফ নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স এক বিবৃতিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর অপরাধ সংঘটনের পর অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্তে গোপন আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে, মেঘালয় সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ভারতের বিভিন্ন স্থানে কিছুদিন আত্মগোপনে থাকার পর তারা পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল।

উল্লেখ্য, ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এনএন/ ৮ মার্চ ২০২৬



Explore More Districts