হাত পেছমোড়া করে হাতকড়া, আদালতে চাঁদাবাজির মামলার আসামি সাংবাদিক

হাত পেছমোড়া করে হাতকড়া, আদালতে চাঁদাবাজির মামলার আসামি সাংবাদিক

১ October ২০২৬ Thursday ৭:২৬:২২ PM

Print this E-mail this


হাত পেছমোড়া করে হাতকড়া, আদালতে চাঁদাবাজির মামলার আসামি সাংবাদিক

বরগুনায় এক কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার আসাদুল হক সবুজকে হাত পেছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাঁকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ নেওয়া হয়।

আসাদুল হক সবুজ জাতীয় দৈনিক কাল‌বেলার বরগুনা প্রতি‌নি‌ধি। তি‌নি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।

পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে বরগুনা সদর থানার ভুতমারা এলাকার মহাসড়ক রোডে নিজের বাড়ির সামনে একটি ফাঁকা মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এতে সহায়তা করে।

বরগুনা সদর থানার মামলাটি করা হয় ১৬ সেপ্টেম্বর। এতে চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী স্বপন কুমার ঘোষের অভিযোগ, বড় গৌরীচন্না মৌজায় তাঁর ৭ দশমিক ৮৭ একর জমিতে ডেভেলপারের মাধ্যমে প্লট তৈরি ও মাটি ভরাটের কাজ চলছিল।

১১ সেপ্টেম্বর সকালে আসাদুলসহ কয়েকজন ভেকু নিয়ে সেখানে ঢুকে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্লট ভেঙে জমি দখল এবং তাঁকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, ওই রাতেই আসামিরা আবার জমিতে ঢুকে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে জমির আকৃতি পরিবর্তন করেন। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ বলেছে, মামলার ঘটনা, সাক্ষ্য-প্রমাণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আসাদুলের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

তিনি জামিনে মুক্তি পেলে পালিয়ে গিয়ে তদন্তে বাধা দিতে পারেন আশঙ্কায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

আদালতে নেওয়ার সময় আসাদুলের দুই হাত ছিল পেছনে মোড়া এবং হাতে হাতকড়া পরানো ছিল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts