আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে ১৮ রানেই বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ব্যাটসম্যানদের অতিরিক্ত শট খেলার প্রবণতায় ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে দল বিপদে পড়ছে। টি–টোয়েন্টিতে শট খেলার প্রয়োজনীয়তা থাকলেও পরিস্থিতি বিবেচনায় উইকেট টিকিয়ে রাখাও দরকারি বলে মনে করেন হাবিবুল, ‘আমরা ভুল চিন্তাভাবনা করছি কি না, জানি না। গেম সেন্সটা ধরে রেখে পরিকল্পনা সাজাতে হবে। আমি যতই মারি, পাওয়ারপ্লেতে দুটির বেশি উইকেট হারানো যাবে না। যদি এ রকম না করা যায়, তাহলে ম্যাচটা হাত থেকে ছুটে যায়।’
এ বছরের শুরুর দিকে টি–টোয়েন্টিতে বাংলাদেশ সাফল্য পেয়েছে। এশিয়া কাপেও ফাইনাল খেলার সুযোগ তৈরি হয়েছিল তাদের সামনে। কিন্তু এসব সাফল্যের বেশির ভাগই এসেছে বোলার ও টপ অর্ডার ব্যাটসম্যানদের হাত ধরে। শুরুর দিকে উইকেট পড়ে গেলে পরের দিকের ব্যাটসম্যানরা দলকে আর জয়ের পথে এগিয়ে নিতে পারছেন না। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম (১১৬.০৭) স্ট্রাইক রেটে এ বছর টি–টোয়েন্টিতে ব্যাট করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাঁদের খেলার ধরন নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এর সঙ্গে ব্যাটিং অর্ডার কেমন হবে, ধোঁয়াশা তৈরি হচ্ছে তা নিয়েও।

