| ৭ February ২০২৬ Saturday ১:০৪:০৯ AM | |
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম বলেছেন, দেশ আজ নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো কুরআন-সুন্নাহভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা। ইসলামী অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ কায়েম সম্ভব নয়। দেশ পরিচালনার জন্য ভালো নেতা ও ভালো নীতির প্রয়োজন।
তিনি বলেন, পূর্বে যারা দেশ পরিচালনা করেছে, তাদের মধ্যে ভালো নেতৃত্ব ও নীতির অভাব ছিল। যার ফলশ্রুতিতে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের শাসনামলেই বেগমপাড়া সৃষ্টি হয়েছিল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশালের গৌরনদী বন্দর বালুর মাঠে হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসের সরদার মেহেদীর সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।
চরমোনাই পীর আরও বলেন, বরিশাল-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে রাসেল সরদারকে বিজয়ী করতে হবে। হাতপাখা মানেই দুর্নীতিমুক্ত রাজনীতি ও আল্লাহভীরু নেতৃত্ব।
হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সালে তার দাদা ও বাবা হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিরাপদে আশ্রয় দিয়েছিলেন। ২০২৪ পরবর্তী বাংলাদেশে ইসলামী আন্দোলন হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছে এবং জানমাল রক্ষায় ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা প্রতীক বিজয়ী হলে দেশ ও সংখ্যালঘুরা নিরাপদ থাকবে।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাসেল সরদার মেহেদীকে একজন সৎ ও যোগ্য নেতা উল্লেখ করে সর্বস্তরের ভোটারদের হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

