হাটহাজারী পৌরসভা এলাকায় নিজ শয়নকক্ষ থেকে মুন্নি আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ একটি ভবনের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা মো. বাহাদুরের কন্যা মুন্নি আাক্তারের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সাথে ওই বাসায় থাকা মুন্নি আক্তার বুধবার রাতে তার শয়নকক্ষে ঢুকার দীর্ঘক্ষণ পর অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জমির উদ্দিনের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে মুন্নির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, এ ঘটনায় নিকটস্থ হাটহাজারী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


