
তেহরান, ২৬ মার্চ – ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব ধরনের জাহাজ থেকে টোল আদায়ের লক্ষ্যে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইরানের পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন এই সংক্রান্ত একটি খসড়া আইন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
খুব শিগগিরই আইন প্রণয়ন দলের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান এই পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানকে ফি বা টোল আদায় করতে হবে। অন্যান্য আন্তর্জাতিক করিডোরে পণ্য পরিবহনের ক্ষেত্রে যেমন শুল্ক প্রদান করতে হয় হরমুজ প্রণালীও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর।
আন্তর্জাতিক এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে জাহাজ ও তেলবাহী ট্যাংকারের কাছ থেকে টোল গ্রহণ করাকে সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য চলমান আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে ইরান যে পাঁচটি শর্ত উপস্থাপন করেছে তার মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালীর ওপর তাদের নিজস্ব কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা।
এস এম/ ২৬ মার্চ ২০২৬




