হরমুজ প্রণালিতে ইরানের সতর্কবার্তা, পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ – DesheBideshe

হরমুজ প্রণালিতে ইরানের সতর্কবার্তা, পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ – DesheBideshe



হরমুজ প্রণালিতে ইরানের সতর্কবার্তা, পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ – DesheBideshe

তেহরান, ১২ এপ্রিল – হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযান শুরু করার সময় মার্কিন সামরিক বাহিনীকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা। এই চূড়ান্ত সতর্কবার্তা পেয়ে মার্কিন ডেস্ট্রয়ার জাহাজটি তাদের অভিযান থেকে বিরত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানি বাহিনী রেডিও বার্তার মাধ্যমে মার্কিন জাহাজটিকে শেষ সতর্কবার্তা প্রদান করে। এর জবাবে মার্কিন জাহাজ থেকে জানানো হয় যে তারা আন্তর্জাতিক আইনের আওতায় চলাচল করছে এবং ইরানের প্রতি কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে না। তারা কেবল নিজেদের সরকারের যুদ্ধবিরতির নিয়ম মেনে চলতে আগ্রহী।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে তারা ওই জলপথে মাইন পরিষ্কারের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসেন এবং ইউএসএস মাইকেল মর্ফি নামের দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রণালি অতিক্রম করে আরব সাগরে মাইনমুক্ত করার অভিযান চালায়। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে হরমুজ প্রণালির ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সেখানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে পারেনি।

তারা আরও স্পষ্ট করেছে যে কেবল বেসামরিক জাহাজগুলোকে নির্দিষ্ট নিয়মে চলাচলের অনুমতি দেওয়া হয় এবং কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬



Explore More Districts