উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক বিচারপতি ও ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা মো. হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.)-এর ৪র্থ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামীকাল ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মাহফিলটি জকিগঞ্জের রারাই গ্রামের মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে সকাল ১০টা থেকে শুরু হয়ে মাহফিলটি পরদিন ফজর পর্যন্ত চলবে।
দিনব্যাপী মাহফিলে খতমে কুরআন, খতমে বুখারি, খতমে দালাইলুল খাইরাত, বিষয়ভিত্তিক আলোচনা, জিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত থাকবেন।
মাহফিলে তালীম ও তরবিয়ত প্রদান করবেন মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। এছাড়া ভারত ও বাংলাদেশের প্রখ্যাত পীর-মাশায়েখ, শীর্ষস্থানীয় আলেম-উলামা, ইসলামি চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মো. আবদুল আউয়াল হেলাল জানিয়েছেন, মাহফিল আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি মাহফিলের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এবং আগত মেহমানদের সেবায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ইলমে হাদিসের অনন্য দিকপাল আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.) ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। তিনি শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর প্রথম সারির খলিফা ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কুরআন-সুন্নাহর প্রচার ও প্রসারে একনিষ্ঠভাবে কাজ করে গেছেন।


