হঠাৎ মৃত্যু জাপানি ইনফ্লুয়েন্সার জেপার, কারণ এখনো অজানা

হঠাৎ মৃত্যু জাপানি ইনফ্লুয়েন্সার জেপার, কারণ এখনো অজানা

হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন জাপানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জেপা। গত ৫ এপ্রিল তার মৃত্যুর খবর প্রকাশ করা হলেও, কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৬ বছর।

জেপা

মার্কিন ট্যাবলয়েড সংবাদমাধ্যম TMZ-এর এক প্রতিবেদনে জানানো হয়, জেপার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেই তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, তিনি হঠাৎ করেই মারা গেছেন। এ দুঃখজনক সংবাদটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে গিয়ে পোস্টে গভীর শোক প্রকাশ করা হয়।

ঘোষণায় আরও উল্লেখ করা হয়, জেপার অন্ত্যোষ্টিক্রিয়া তার পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে। এই কঠিন সময়ে যারা ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, তিনি কিছু গুরুতর ব্যক্তিগত সমস্যার মধ্যে ছিলেন, বিশেষ করে মদ্যপানের বিষয়ে। গত ২০ মার্চ প্রকাশিত একটি ভিডিওতে তার হাতে কালশিরার চিহ্ন দেখা যায়, যেখানে তিনি জানান, মাদকের প্রভাবে এমনটি হয়েছে। এরপর ৩১ মার্চ এক পোস্টে তিনি লেখেন, “অ্যালকোহল নির্ভরতার গড় আয়ু প্রায় ৫০ বছর… আমি কি ইতোমধ্যেই তার অর্ধেক পথ পেরিয়ে গেছি?”

উল্লেখ্য, এই তরুণ কনটেন্ট ক্রিয়েটরের সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখেরও বেশি অনুসারী ছিল। কমেডি ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্ট তৈরি করে খুব অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।

Explore More Districts