
রিয়াদ, ২২ এপ্রিল – হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কায় পরিবহন করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, নিয়ম লঙ্ঘন করে কোনো দর্শনার্থীকে পবিত্র নগরীতে নিয়ে গেলে পরিবহনকারীকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, গত ২০ এপ্রিল বা ১ জিলকদ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ মে বা ১৪ জিলহজ পর্যন্ত কার্যকর থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেকোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে আসা ব্যক্তিদের মক্কায় প্রবেশ বা পরিবহনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, যারা এই নিয়ম ভেঙে ভিজিট ভিসাধারীদের মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে নিয়ে যাবেন, তাদের ওপর বড় অংকের এই আর্থিক জরিমানা আরোপ করা হবে। জরিমানার পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহনটি বাজেয়াপ্ত করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে। যদি যানবাহনের মালিক চালক নিজে হন কিংবা এই অপরাধে তার কোনো সহযোগী বা অংশীদার থাকে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
হজ ও ওমরাহ সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করার যেকোনো ঘটনা নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের জন্য ৯৯৯ নম্বরটি খোলা রাখা হয়েছে। মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং কোনো আইনি জটিলতা তৈরি হবে না। মূলত হজের পবিত্রতা রক্ষা এবং নিবন্ধিত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রতি বছরের মতো এবারও এমন কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬




