
রিয়াদ, ১৭ ফেব্রুয়ারি – সৌদি আরবের সুপ্রিম কোর্ট ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশের সকল মুসলিম নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির সর্বোচ্চ আদালত এক ঘোষণায় মঙ্গলবার বা ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই চাঁদ দেখার নির্দেশনা প্রদান করে।
সাধারণত মুসলিম বিশ্বে চন্দ্রবর্ষ অনুসরণের কারণে মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার শাবান মাসের ২৯ তারিখ বলে গণ্য হবে। এদিন সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে বুধবার বা ১৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। তবে যদি চাঁদ দেখা না যায় তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সেক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হবে।
সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার চাঁদ দেখার তথ্যের ওপর ভিত্তি করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে। আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রোজা শুরুর তারিখ নির্ধারিত হবে। ইসলামি ক্যালেন্ডারের নবম মাস হিসেবে রমজান মুসলিমদের জন্য একটি অত্যন্ত মহিমান্বিত ও ইবাদতের মাস।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



