সুপ্রিম কোর্টে গাজীপুর-৬ বাতিল: টঙ্গীতে হতাশা- ক্ষোভ – Daily Gazipur Online

সুপ্রিম কোর্টে গাজীপুর-৬ বাতিল: টঙ্গীতে হতাশা- ক্ষোভ – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টার: আজ বুধবার নবসৃষ্ট গাজীপুর–৬ আসন দীর্ঘ আইনি লড়াই ও উত্তপ্ত যুক্তি-তর্কের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল ঘোষণা করেছে। পূর্ণাঙ্গ বেঞ্চের রায় ঘোষণা মুহূর্তেই টঙ্গী–গাছা–পূবাইলজুড়ে জমে থাকা উত্তেজনা, প্রত্যাশা ও উদ্বেগের পরিবেশ ভেঙে পড়ে।
সকাল থেকেই আদালতপাড়ায় সরব অবস্থান নেন সম্ভাব্য প্রার্থী ও স্থানীয় নেতারা-জামায়াতের সম্ভাব্য প্রার্থী ড. হাফিজুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সালাহউদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শুনানিতে গাজীপুরের আইনজীবীরা যুক্তি তুলে ধরেন-৫২ লাখ জনসংখ্যার শিল্পনগরে মাত্র ৫টি আসন অযৌক্তিক, ছোট জেলাগুলোতে ৪টি আসন থাকা সত্ত্বেও গাজীপুরে আসনসংখ্যা না বাড়ালে ভয়াবহ ভোটার–প্রতিনিধি বৈষম্য তৈরি হবে; কিন্তু তাদের যুক্তি গ্রহণযোগ্যতা পায়নি।
রায় ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতারা। ড. হাফিজুর রহমান বলেন, টঙ্গীবাসীর ন্যায্য দাবি বাস্তবায়িত হলো না, জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হলো। হাসান উদ্দিন সরকার বলেন, শিল্পনগরের মানুষকে অকার্যকর বিশাল আসনের নিচে চাপা দেওয়া হলো। সালাহউদ্দিন সরকার বলেন, শ্রমজীবী মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো। রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ভোটের হিসাব–নিকাশে জনবিচ্ছিন্ন করার যেকোনো প্রক্রিয়া জনগণ প্রত্যাখ্যান করবে। জসিম উদ্দিন ভাট বলেন, ৮ লাখ ভোটারের ওপর বোঝা চাপালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-টঙ্গীবাসী অধিকার বঞ্চিত।
সরকার জাভেদ আহমেদ সুমন বলেন, টঙ্গী–গাছা–পূবাইলের নগরবাস্তবতা বিবেচনায় আলাদা আসন ছিল অপরিহার্য। স্থানীয় নেতাদের মতে, রায়টি টঙ্গীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাকে ভেঙে দিয়েছে। শিল্প-কারখানাকেন্দ্রিক কর্মব্যস্ত ঘনত্বপূর্ণ টঙ্গী অঞ্চলে আলাদা আসনের দাবি ছিল বহুদিনের; কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুর-৬ আসন বাতিলের ফলে গাজীপুর অঞ্চলের আসন্ন নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে যাচ্ছে এবং দলগুলোকে নতুন করে কৌশল সাজাতে হবে। স্থানীয়দের প্রশ্ন-৫২ লাখ মানুষের শিল্পনগরীর ভোটাররা কবে পাবে ন্যায্য রাজনৈতিক প্রতিনিধিত্ব?

Print Friendly, PDF & Email

Explore More Districts