
সুন্দরবন, ১৯ মার্চ – সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় কাঁকড়া শিকার করতে গিয়ে বনদস্যুদের কবলে পড়েছেন মিজান শেখ নামের এক জেলে। সোমবার তাকে অপহরণ করে আল আমিন বাহিনী নামের একটি বনদস্যু দল।
অপহৃত জেলের মুক্তির বিনিময়ে তার পরিবারের কাছে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। অপহৃত মিজান শেখ মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রাজ্জাক শেখের ছেলে। জানা গেছে, গত ১৪ মার্চ মিজান শেখ তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান।
সেখানে হঠাৎ করে আল আমিন বাহিনীর সদস্যরা তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে মিজান শেখকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। এ সময় পরিবারের কাছে মুক্তিপণের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তার চাচাতো ভাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মিজানের বড় ভাই হুমায়ন শেখ জানান, তার ছোট ভাই ঋণ নিয়ে জীবিকার সন্ধানে বনে গিয়েছিলেন।
এখন তাকে ছাড়িয়ে আনতে ধারদেনা করে ৬০ হাজার টাকা মুক্তিপণ জোগাড় করতে হবে, যা তাদের জন্য অত্যন্ত কঠিন। এই ঘটনায় পুরো পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।
হুমায়ন শেখ ইতিমধ্যে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। তবে মোংলা থানার ডিউটি অফিসার এএসআই মহরম জানিয়েছেন, আনুষ্ঠানিক কোনো অভিযোগ এখনো থানায় এসে পৌঁছায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এ এম/ ১৯ মার্চ ২০২৬


