সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিবর্তনের দাবিতে মঙ্গলবার পাঁচটি পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। শহরের আলফাত স্কয়ারে আজ মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা); সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন, জীববৈচিত্র্য ও উন্নয়ন ফোরাম; হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন; আন্তঃ উপজেলা অধিকার পরিষদের সদস্যরা।
বক্তারা বলেন, সুনামগঞ্জ হাওর এলাকা। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ায় তা হাওর এলাকার উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এতে জেলার মানুষ খুশি। কিন্তু হাওর, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করে বিশ্ববিদ্যালয়ের স্থান বা কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। তাই শান্তিগঞ্জের দেখার হাওরে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিবর্তন করতে হবে। যেখানে হাওর, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হবে না, এমন জায়গা নির্ধারণ করতে হবে।


