সীতাকুণ্ডে জাহাঙ্গীর আলম শামীম (৪৫) নামের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে।
গতকাল বুধবার মধ্যরাতে মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল বেড়িবাঁধ তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে যায়। শামীম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন বুধবার রাতে যুবক শামীম মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখীল এলাকায় অবস্থিত তালতলায় গ্রামে তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। রাত আনুমানিক ১১ টার সময় কয়েকজন ব্যক্তি শামীমকে ঘর থেকে ডেকে নিয়ে অন্যত্র চলে যায়।
তারপর কোন একটি স্থানে নিয়ে গিয়ে তাকে রগ কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে। খবর পেয়ে রাত আনুমানিক ১টার দিকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।
নিহত শামীম পৌরসভাস্হ শিবপুর গ্রামের মৃত আবুল মুনসুরের ছেলে।
জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, শামিম নামের এক ব্যক্তিকে মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকায় হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের লাশময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



