সীতাকুণ্ডে ঈদের আগের দিন যুবককে পিটিয়ে হত্যা – দৈনিক আজাদী

সীতাকুণ্ডে ঈদের আগের দিন যুবককে পিটিয়ে হত্যা – দৈনিক আজাদী

সীতাকুণ্ডে এক যুবককে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম মোঃ রাজু (৩০)। তাঁর দুটি সন্তান রয়েছে।

তিনি ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদামবিবিরহাট আব্দুল খালেক সাড়েং বাড়ির মোঃ হারুনের ছেলে। বাড়ি থেকে ডেকে নিয়ে রাজুকে হত্যা করেছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার ঈদের আগের দিন রাত আনুমানিক ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় একটি গাছ নিয়ে ওই এলাকার জাহানাবাদ আবদুল খালেক সাড়েং বাড়ির প্রতিবেশী দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজুর এক আত্মীয় মোঃ আজম একজনের পক্ষ নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়লে এ সময় রাজু আজমকে ঝগড়া না করার জন্য নিষেধ করেন।

কিন্তু আজম কারো কথা শুনতে রাজি নয়। এ নিয়ে রাজুর সাথে আজমের কথা কাটাকাটি শেষে সবাই যার যার মতে গন্তব্যে চলে যান।

তবে একই দিন রাত আনুমানিক ৯টার দিকে মোঃ আজমসহ সাথে কয়েকজন নিয়ে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মেরে হত্যা করে বলে জানান রাজুর বোন তাহমিনা আক্তার।

তিনি আজাদীকে বলেন, আজম আমার মায়ের মামাত ভাই। সন্ধ্যায় দু’পক্ষের ঝগড়ায় জড়িয়ে গেলে আমার দাদুকে এসব ঝগড়া থেকে সরাতে চেষ্টা করেন রাজু। পরে রাজু বাড়ি ফিরে আসে। কিন্তু রাত ৯টার দিকে আজম ও তার পরিবারের কয়েকজন সদস্য নিয়ে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ইট দিয়ে মেরে নির্মমভাবে হত্যা করে। এই সময় আমি কোন উপায় না দেখে ৯৯৯ এ ফোন করে পুলিশে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে রাজুর মরদেহ উদ্ধার করে।

এ সময় অভিযুক্ত আজমকে আটক করে থানায় নিয়ে যান। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।

মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে অভিযুক্ত আজমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানাতে পারবো।

Explore More Districts