সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘সোনালী দল’-এর বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে ‘সাদা দল’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘সোনালী দল’-এর বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে ‘সাদা দল’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘সোনালী দল’-এর বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে ‘সাদা দল’গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এ সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নবগঠিত তথাকথিত ‘সোনালী দল’-এর বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’।

১৮ ফেব্রুয়ারি সাদা দলের সভাপতি প্রফেসর ড. কাজী মেহতাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. শাহানা বেগম এক যৌথ বিবৃতিতে এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫০ মিনিটে পূর্বানুমতি নিয়ে প্রোটোকল মেনে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করতে যান সাদা দলের সদস্যরা।

তাদের দাবি, আলোচনার শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ উত্তেজিত আচরণ করেন এবং সাদা দলের সভাপতি ও সহ-সভাপতির দিকে তেড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে প্রফেসর ড. মো. মাহবুব ইকবাল শারীরিকভাবে লাঞ্ছিত হন বলেও অভিযোগ করা হয়। উপাচার্যের সরবরাহকৃত সিসিটিভি ফুটেজে সাদা দলের কয়েকজন শিক্ষককে কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় লাঞ্ছিত করার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মব সৃষ্টি’ কিংবা উপাচার্যের ওপর হামলার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম শিক্ষকদের যৌক্তিক দাবি শুনতে অস্বীকৃতি জানান এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজন শিক্ষক পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।

সাদা দল অভিযোগ করে, শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। অবকাঠামো নির্মাণ ও ক্রয়সংক্রান্ত কার্যক্রমেও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী আদর্শের একমাত্র অনুমোদিত প্ল্যাটফর্ম ‘সাদা দল’ এবং ‘সোনালী দল’ নামের সংগঠনটি পূর্বপরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে ও সাদা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সাদা দল সংশ্লিষ্ট সকল পক্ষকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানায়। শিক্ষকসমাজের মর্যাদা, নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষাব্যবস্থা রক্ষায় তাদের আপসহীন অবস্থান অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ডিএস/এমসি

Explore More Districts