আধ্যাত্মিক নগরী সিলেটে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপদ ব্যবসা-বাণিজ্য নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালদিঘীরপাড় হকার্স মার্কেট এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, এই আধ্যাত্মিক সিলেট নগরীতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। এখানে সবাই শান্তিতে ব্যবসা-বাণিজ্য করবে এবং সুন্দরভাবে জীবন-যাপন করবে—এটাই প্রশাসনের অঙ্গীকার।
এ সময় জেলা প্রশাসক লালদিঘীরপাড় হকার্স মার্কেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে জানতে চান, কেউ তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে কি না। ব্যবসায়ীরা তা অস্বীকার করলে তিনি বলেন, কেউ যদি আপনাদের কাছে চাঁদা চায় বা চাঁদার দাবি নিয়ে হাজির হয়, আপনারা তাদের আটক করে আমাদের খবর দেবেন। আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরও বলেন, এমনিতেই আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রশাসন নিয়মিতভাবে কাজ করছে এবং করবে।
এ সময় র্যাব-৯ এর সদস্যরা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের কর্মকর্তা এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

