সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পর্যটকদের ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করেই সাদাপাথরে যাতায়াত করতে হবে। একই সঙ্গে কালাইরাগ এলাকা হয়ে বাংলাদেশ–ভারত সীমান্তসংলগ্ন সড়কপথ দিয়ে যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে কালাইরাগ এলাকায় একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে পর্যটকদের নির্দিষ্টভাবে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সাইনবোর্ডে বলা হয়েছে, সাদাপাথর পর্যটন স্পটে যাওয়ার জন্য সবাইকে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করতে হবে। নিরাপত্তার কারণে কালাইরাগ হয়ে সীমান্তঘেঁষা পথ দিয়ে যাতায়াত কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে নৌঘাটের ইজারাদাররাও সংবাদ সম্মেলন করেছেন। তাদের দাবি, ১৪৩৩ বাংলা সনের ইজারা শর্ত অনুযায়ী ঘাটটি সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি কিছু পর্যটক ঝুঁকিপূর্ণভাবে কালাইরাগ ও সীমান্তসংলগ্ন পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন, যা অত্যন্ত বিপজ্জনক।
ইজারাদাররা জানান, এই পথে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার ঝুঁকি রয়েছে, এমনকি মানবপাচার চক্রের শিকার হওয়ার আশঙ্কাও থাকে। তাই পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় ওই পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
তারা সবাইকে অনুরোধ জানিয়েছেন, নিজের নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই সীমান্তঘেঁষা পথ ব্যবহার না করে শুধুমাত্র ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট দিয়েই সাদাপাথর পর্যটন এলাকায় যাতায়াত করতে।
Zoom Bangla News
inews.zoombangla.com


