সিলেটসহ হাসপাতালে শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে ৭ দফা নির্দেশনা

সিলেটসহ হাসপাতালে শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে ৭ দফা নির্দেশনা

সিলেটসহ হাসপাতালে শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে ৭ দফা নির্দেশনাসিলেটসহ সারাদেশে সরকারি হাসপাতালগুলোর সেবা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে গুরুত্বপূর্ণ ৭ দফা নির্দেশনা জারি করেছে সরকার। দীর্ঘদিন ধরে হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য, অনৈতিক লেনদেন ও ভোগান্তির অভিযোগের প্রেক্ষাপটে এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, সব সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার ও ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগের দৃশ্যমান স্থানে ট্রলি ও হুইলচেয়ার রাখতে হবে এবং তা বিনামূল্যে প্রদানের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে নির্দেশনা টানাতে হবে।

এছাড়া নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত সেবাকর্মী বা ওয়ার্ডবয় ছাড়া অন্য কেউ হুইলচেয়ার বা ট্রলি বহন করতে পারবে না। এ কাজে কোনো ধরনের আর্থিক লেনদেন বা বখশিস গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। হাসপাতালগুলোকে দালালমুক্ত রাখতে প্রয়োজন হলে পুলিশের সহায়তা নেওয়া এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে। দালাল ও তাদের সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনতে বলা হয়েছে।

সরকার আরও নির্দেশ দিয়েছে, যেকোনো সেবামূলক কাজের বিনিময়ে অনৈতিক অর্থ দাবি বা বখশিস চাওয়ার প্রথা কঠোরভাবে বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে এসব নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত সেবাপ্রার্থীরা এ উদ্যোগে আশার আলো দেখছেন। তাদের মতে, কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়ন হলে দালালদের দৌরাত্ম্য কমবে এবং রোগীরা হয়রানিমুক্ত পরিবেশে সেবা পাবে।

ডিএস/এমসি

Explore More Districts